অনলাইন ডেস্ক, ১৮ জুলাই, ২০২৫ : তেলিয়ামুড়া থানা এলাকার মাইগঙ্গাতে মর্মান্তিক ভাবে রেলে কাটা পড়ে মৃত্যু হল মনমোহন সরকার নামে ৭৫ বছরের এক বৃদ্ধের । এই ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এলাকাবাসী সহ বিভিন্ন অংশের রেল যাত্রীদের!! ঘটনার বিবরণে প্রকাশ, আজ সকাল আনুমানিক আটটা নাগাদ আগরতলা থেকে করিমগঞ্জ গামী ডেমো ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় মনমোহন সরকারের। তবে আশ্চর্যের হলেও সত্যি মৃতদেহ দীর্ঘ সময় রেল ট্র্যেকে পড়ে থাকলেও প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ।
স্বাভাবিকভাবেই এইমাত্র দেড় থেকে দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছতে রেল পুলিশের এই দেরির পরিপ্রেক্ষিতে ক্ষতবিক্ষত মৃতদেহ রেল লাইনে পড়ে থাকে এবং আগরতলা গামী রেল আটকা পড়ে থাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্তরের রেল যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও অনুমান করা যাচ্ছে নিজ বাড়িতে যাওয়ার পথে অসাবধানতা বসত রেলের ধাক্কায় এই মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে।
এদিকে সর্বশেষ সংবাদ অনুযায়ী ঘটনার প্রায় ঘন্টা দুয়েক পর রেল পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেছে মৃতদেহের ময়না তদন্তের জন্য। এখানে উল্লেখ করা প্রয়োজন অতীতেও একই জায়গায় এরকমভাবে বেশ কিছু মৃত্যুর ঘটনা সামনে এসেছে।








