অনলাইন ডেস্ক, ৮ জুলাই, ২০২৫: বিহারে এসআইআরের কাজ সুষ্ঠুভাবে চলছে ২.৮৮ কোটি (৩৬.৪৭%) এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে ইসিআইনেট-এ ১১.২৬% ফর্ম আপলোড হয়েছে গত ২৪ ঘণ্টায় সংগ্রহ হয়েছে ১.১৮ কোটি ফর্ম
ভারতীয় নির্বাচন কমিশনের ২৪.০৬.২০২৫ তারিখের নির্দেশ মোতাবেক বিহারে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে।
নির্দেশ অনুযায়ী, যেসব নাগরিকের এনুমারেশন ফর্ম পাওয়া যাবে, তাদের নাম ১ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভোটারদের সক্রিয় সহযোগিতায় এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে অগ্রসর হচ্ছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বিহারের মোট ৭,৮৯,৬৯,৮৪৪ (প্রায় ৭.৯০ কোটি) ভোটারের মধ্যে ২,৮৭,৯৮,৪৬০টি এনুমারেশন ফর্ম অর্থাৎ ৩৬.৪৭ শতাংশ ফর্ম সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ১,১৮,৪৯,২৫২টি ফর্ম। এখনো ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত ১৮ দিন বাকি আছে। ফর্ম আপলোডের কাজও সমানভাবে চলছে এবং আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ভোটারের মধ্যে ১১.২৬ শতাংশের ফর্ম ইসিআইনেট-এ আপলোড করা হয়েছে। আংশিকভাবে পূরণ করা ফর্ম ECI পোর্টাল https://voters.eci.gov.in) ও ইসিআইনেট অ্যাপে ডাউনলোডের জন্য উপলব্ধ এবং ভোটার নিজেও ইসিআইনেট অ্যাপে ফর্ম আপলোড করতে পারবেন।
৭৭,৮৯৫ জন বিএলও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করতে সহায়তা করছেন এবং সেগুলি সংগ্রহ করছেন। অতিরিক্তভাবে ২০,৬০৩ জন নতুন বিএলও নিয়োগ করা হয়েছে যাতে এই প্রক্রিয়া নির্ধারিত সময়ে সম্পন্ন করা যায়। প্রায় ৪ লক্ষ স্বেচ্ছাসেবক যার মধ্যে সরকারি কর্মচারি, এনসিসি ক্যাডেট, এনএসএস সদস্য ইত্যাদি রয়েছেন, তারা মাঠ পর্যায়ে প্রবীণ, প্রতিবন্ধী, অসুস্থ ও ঝুঁকিপূর্ণ জনগণের জন্য এই প্রক্রিয়াকে সহজতর করছেন।
এছাড়াও ২৩৯ জন ইআরও (ERO) ৯৬৩ জন এইআরও (AERO), ৩৮ জন ডিইও (DEO) এবং রাজ্যের সিইও (CEO) মাঠ পর্যায়ে থেকে ভোটারদের ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া তদারকি করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ১,৫৪,৯৭৭ জন বুথ লেভেল এজেন্ট (বিএলএ) এই এসআইআর প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস নোটে এই সংবাদ জানানো হয়েছে।








