অনলাইন ডেস্ক, ২৫ জুন, ২০২৫: । গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষায় অন্যতম মূল উপদান। গাছ আমাদের বেঁচে থাকার মূল অবলম্বন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ, বায়ু বিশুদ্ধ রাখা সব কিছুর মূলে আছে গাছ। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয় এবং প্রকৃতির পরিপূর্ণতা নিশ্চিত করে।
আজ খুমুলুন্ড এ আয়োজিত রাজ্য স্তরের গণবৃক্ষরোপন কর্মসূচি ‘এক পেড় মা কে নাম’ দ্বিতীয় পর্যায় কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বনমন্ত্রী আরও বলেন, আমাদের কর্মসূচির মূল ভাবনা হলো একটি গাছ মা-এর নামে উৎসর্গ করা। অর্থাৎ মা এর নামে অন্তত একটি গাছ লাগানো।
মা যেমন নিঃস্বার্থভাবে আমাদের জন্য কাজ করে যান, তেমনি গাছও নীরবে আমাদের জন্য কাজ করে যায়। তাই প্রতিটি মানুষ যাতে একটি করে গাছ নিজের মায়ের নামে রোপন করেন ও লালন পালন করেন, তার জন্য তিনি আহ্বান জানান। বন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সকল অংশের কর্মচারিগণ যাতে জনসংযোগে বেশি মনোনিবেশ করেন এবং জনসাধারণকে প্রকৃতি সম্পর্কে সচেতন করেন তিনি তার পরামর্শ দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিসিসিএফ আর কে শ্যামল। বক্তব্য রাখেন এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, বিধায়ক স্বপ্না দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, এডিসির বন বিভাগের ইএম ভবরঞ্জন রিয়াৎ এবং এমডিসি গণেশ দেববর্মা। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরার ডিএফও যশপাল দেববর্মা। অনুষ্ঠান শুরুর আগে অতিথিগণ বৃক্ষরোপন করেন। এ উপলক্ষ্যে বিনামূল্যে বন দপ্তর থেকে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।








