পশ্চিম ত্রিপুরা জেলায় পঞ্চায়েতের বিকাশ সূচক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক,২৯ মে, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আজ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে পঞ্চায়েতের বিকাশ সূচক নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য সদস্যা, পশ্চিম ত্রিপুরা জেলার প্রতিটি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, বি.এ.সি.-র চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, প্রতিটি পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজের সূচক বাড়াতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ভিলেজ কমিটি এবং জিলা পরিষদস্তরের জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

এ বিষয়ে ব্লকস্তরে প্রতিটি দপ্তরের সঙ্গে প্রত্যেক মাসে একবার পর্যালোচনা সভা করা প্রয়োজন। সময়ের কাজ সময়ে শেষ করার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং কাজের মধ্য দিয়েই পশ্চিম ত্রিপুরাকে প্রথম স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করতে হবে।

সভায় পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন বলেন, পঞ্চায়েতস্তরে প্রতিটি দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করে পশ্চিম ত্রিপুরা জেলাকে উন্নয়নের মানচিত্রে এক বিশেষ জায়গায় নিয়ে যেতে হবে। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে পঞ্চায়েত বিকাশ সূচকে ৯টি থিমের ৩২টি ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Leave a Comment