অনলাইন ডেস্ক,০৬ মে, ২০২৫: স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পর্যাপ্ত সরকারি নথিপত্র না থাকার কারণে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুবিধা, বিশেষত স্কলারশিপ থেকে বঞ্চিত হয়ে আসছিল।
এই সমস্যাকে গুরুত্ব দিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার নির্দেশে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার একটি প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় মুঙ্গিয়াকামি বাজারস্থিত রামকৃষ্ণপুর এডিসি ভিলেজ কার্যালয়ে।
এই প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা স্বয়ং, সহ মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মূলত রামকৃষ্ণপুর এডিসি ভিলেজ এলাকার বহু পরিবার এখনো পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র যেমন এসটি সার্টিফিকেট, পিআরটিসি, বিবাহ সনদপত্র ইত্যাদি থেকে বঞ্চিত ছিলেন।
যার প্রভাব পড়ছে তাদের ছেলে-মেয়েদের শিক্ষাজীবনেও। এই সমস্যার সমাধানে এই বিশেষ শিবিরে উপস্থিত বাসিন্দাদের হাতে প্রয়োজনীয় সরকারি নথিপত্র তুলে দেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
মন্ত্রী বিকাশ দেববর্মা সহ প্রশাসনিক আধিকারিকরা প্রশাসনিক শিবিরে সরকারি কাগজপত্র তুলে দেয় সুবিধা বমিদের মধ্যে। মন্ত্রী বিকাশ দেববর্মা এক সাক্ষাৎকারে জানান, “জনগণের উন্নয়নই সরকারের প্রথম ও প্রধান নৈতিক দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ছাত্রছাত্রীদের যেন শুধুমাত্র কাগজপত্রের অভাবে কোনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হতে হয়, সে দিকটি মাথায় রেখেই এই প্রশাসনিক শিবিরের আয়োজন।”
এই ধরনের উদ্যোগ আগামী দিনেও বিভিন্ন প্রান্তে চালু থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে সমাজের প্রান্তিক মানুষরাও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না থাকেন।








