অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল, ২০২৫: টিআরবিটি পরিচালিত টেট পরীক্ষার পেপার-১ এবং পেপার-২ আগামী ২৭এপ্রিল, ২০২৫ এবং ৪ মে, ২০২৫ তেলিয়ামুড়া মহকুমার বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, পিএম-শ্রী মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মহারাণীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সারদাময়ী বিদ্যাপীঠ, নেতাজীনগর হাইস্কুল, কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
টেট পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় ঐদিনগুলিতে তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক এক আদেশবলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন-২০২৩’এর অন্তর্গত ১৬৩ ধারা জারি করেছেন। আদেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ উল্লেখিত পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করতে পারবেনা। তবে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত টিআরবিটি অফিসিয়াল, পরীক্ষার কাজে নিযুক্ত কর্মী, পরীক্ষা কেন্দ্র কমিটির সচিব, জেলাশাসক, মহকুমা শাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত নিরাপত্তা কর্মী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
পরীক্ষা কেন্দ্রগুলির ২০০ মিটারের মধ্যে পরীক্ষা চলাকালীন ৫ বা ততোধিক ব্যক্তি একসাথে জড়ো হতে পারবেনা। পরীক্ষা চলাকালীন স্বরবর্ধক যন্ত্র ব্যবহার করা যাবে না। নিরাপত্তি কর্মী ব্যতীত কোন ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে কোন ধরণের ধারালো অস্ত্র বা লাঠি নিয়ে প্রবেশ করতে পারবেনা। উল্লিখিত বিধি নিষেধ আগামী ২৭ এপ্রিল, ২০২৫ এবং ৪ মে, ২০২৫ দুপুর ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।








