অনলাইন ডেস্ক, ১৯ এপ্রিল, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে আজ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের উন্নয়নমূলক কাজ নিয়ে এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পর্যালোচনা সভায় জিলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়নমূলক কর্মসূচিগুলি রূপায়ণের বিষয়ে বার্ষিক পুস্তিকার মলাট উন্মোচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।
উপস্থিত ছিলেন জিলা পরিষদের বিভিন্ন কমিটির সদস্য-সদস্যাগণ, পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল জিলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয় সংক্রান্ত এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক পুস্তিকার আবরণ উন্মোচন করেন।
সভায় জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বলেন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও জনকল্যাণমুখী করার জন্য সরকারি প্রকল্পগুলির সঠিকভাবে রূপায়ণ করতে হবে।
জেলার প্রতিটি গ্রামের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে জিলা পরিষদ কাজ করছে। পশ্চিম ত্রিপুরা জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ পরিষেবা, পানীয়জল সংযোগ প্রভৃতি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করা হয়।








