বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণ ও পরিকল্পনা গ্রহণ করতে তেলিয়ামুড়া ব্লক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল, ২০২৫: তেলিয়ামুড়া ব্লক এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের বিষয়ে গতকাল ব্লকের কনফারেন্স হলে ব্লক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব। সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া ব্লক পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান ভানলাল রাংখল, খোয়াই জেলা পরিষদের সহাকারি সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া বিএসি’র ভাইস চেয়ারম্যান প্রসন্নহরি জমাতিয়া, তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্য, পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যাগণ এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ প্রধানগণ।

তেলিয়ামুড়া ব্লক সভার শুরুতে বিডিও বিপ্লব আচার্য ২০২৪-২৫ অর্থবছরে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি এবং তেলিয়ামুড়া বিএসি’র জন্য পিডিএফ এবং পঞ্চদশ অর্থকমিশন থেকে পাওয়া অর্থে কি কি কাজ করা হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিডিও জানান, গত অর্থবছরে তেলিয়ামুড়া ব্লক এলাকায় ১৭টি গ্রামপঞ্চায়েতের জন্য পিডিএফ-এ ১১ লক্ষ ৭৮ হাজার ৮৬৬ টাকা এবং পঞ্চদশ অর্থ কমিশন থেকে ৮৪ লক্ষ ১০ হাজার ৬৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এর মধ্যে ৫৭ লক্ষ ৫৮ হাজার ৬৯৪ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হয়েছে।

২৬ লক্ষ ৪১ হাজার ৮০৬ টাকা প্রস্তাবিত ব্যয়ে বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ চলছে। অবশিষ্ট অর্থ ব্যয় করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিডিও জানান, প্রাপ্ত অর্থ দিয়ে ইতিমধ্যেই বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকায় সোলার লাইট লাগানো হয়েছে, জল সংরক্ষণের ট্যাংক তৈরী করা হয়েছে। গ্রামীণ রাস্তা নির্মাণ ও পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে, জল নিষ্কাষণের জন্য বিভিন্ন জায়গায় বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে।

তাছাড়া বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার করা হয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সচেতনতা বাড়াতে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতামূলক প্রচার করা হয়েছে। বিডিও সভায় জানান, তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত ৮টি ভিলেজ কমিটির জন্য পিডিএফ ও পঞ্চদশ অর্থ কমিশন থেকে ৬৭ লক্ষ ৮৮ হাজার ৩০৯টাকা পাওয়া গেছে। এর মধ্যে ৪৫ লক্ষ ৪১ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হয়েছে।

বর্তমানে যেসব প্রকল্প রূপায়ণের কাজ চলছে তাতে ব্যয় ধরা হয়েছে ২৩ লক্ষ ৬৮ হাজার ১৭০ টাকা। অবশিষ্ট অর্থ ব্যয়ে বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি এবং তেলিয়ামুড়া বিএসি’র জন্য চলতি অর্থবছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ নিজ নিজ দপ্তরের গত অর্থবছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য সভায় পেশ করেন এবং চলতি অর্থবছরে কাজের পরিকল্পনা বিষয়ে অবহিত করেন।

Leave a Comment