বিলোনীয়ায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ ফ্রি কোচিং চালু

অনলাইন ডেস্ক, ১৭ এপ্রিল, ২০২৫: দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে আজ বিলোনীয়ার বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী হলে আসন্ন টেট-টু ২০২৫ পরীক্ষার্থীদের জন্য তিনদিনের এক বিশেষ ফ্রি কোচিং শুরু হয়েছে। এই কোচিংয়ের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।

তিনি বলেন, জিলা পরিষদের উদ্যোগে এই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য। ভবিষ্যতেও এই ধরনের চেষ্টা বজায় থাকবে। পরীক্ষার্থীরা যাতে এই কোচিং এর সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারে তারজন্য তিনি তাদের যত্নশীল হতে আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, যে কোনও ক্ষেত্রে সফল হতে গেলে কঠোর পরিশ্রম ও লড়াই করতে হয়। এই প্রসঙ্গে তিনি তার জীবন কাহিনী সংক্ষেপে তুলে ধরেন।

তিনি আরও বলেন, জীবনকে সুন্দর করে গড়ে তুলতে সফল হতে গেলে চ্যালেঞ্জ নিতে শিখতে হবে। স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক ও সমাহর্তা মহম্মদ সাজ্জাদ পি। তিনি বলেন, শুধুমাত্র সরকারি চাকরি বেকার সমস্যার সমাধানের পথ নয়। স্বাবলম্বী হওয়ার জন্য চাকরি ছাড়াও বিভিন্ন দক্ষতাভিত্তিক উপায় রয়েছে। সেই লক্ষ্যে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রদীপ কে, বিলোনীয়া পুরপরিষদের শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী। জেলার প্রায় দু’শো পরীক্ষার্থী এই ফ্রি কোচিংয়ে অংশগ্রহণ করেছে। কোচিং চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। কোচিং দেবেন আগরতলার একাডেমি সার্ভিসেসের প্রশিক্ষকগণ।

Leave a Comment