মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটি’র সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৬ এপ্রিল, ২০২৫: ত্রিপুরায় জাতীয় সড়ক সম্প্রসারণে ও উন্নয়নে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ২৪ হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিছু জাতীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের কাজ শেষ হয়েছে, কিছু সড়কের উন্নয়ন কাজ চলছে।

আজ সোনারতরী রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত ‘মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটি’র সভা কাম সেমিনারে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব একথা বলেন।

তিনি সভায় সড়ক নিরাপত্তার বিষয়ে আলোচনা প্রসঙ্গে বলেন, সড়ক দুর্ঘটনার জন্য অবৈজ্ঞানিক রাস্তাঘাট অনেকাংশেই দায়ী থাকে। বর্তমান সরকার এখন সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সড়ক ব্যবস্থার মান উন্নয়নে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রতি তিন মাস অন্তর অন্তর জেলাভিত্তিক এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এই বৈঠকের মূল লক্ষ্য হল সড়ক দুর্ঘটনা কিভাবে কমানো যায় সেই বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা তৈরী ও বাস্তবায়ণ নিয়ে আলোচনা করা।

বৈঠকে তিনি বলেন, শুধু সড়ক ব্যবস্থার উন্নয়নে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়, যদিনা দুর্ঘটনা বিষয়ে মানুষ নিজে সচেতন না হন। মানুষকে সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলতে হবে। ট্রাফিক রুলস, যান চলাচল ইত্যাদি ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে। বেআইনী পার্কিং বন্ধ করার ব্যবস্থা নিতে হবে।

জনসাধারণকে সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয়ে বুঝাতে হবে। তিনি বলেন, মানুষ যদি ট্রাফিক নিয়ম কানুন না মেনে চলেন তবে একা সরকারের পক্ষে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।

তাই তিনি সকলকে ট্রাফিক নিয়মবিধি মেনে চলার আহ্বান জানান। সেই সাথে গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

সভায় সভাপতিত্ব করেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরুদাস, জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার ভৌমিক, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার, অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার সাথে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন কার্যালয়ের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

Leave a Comment