অনলাইন ডেস্ক, ১৬ এপ্রিল, ২০২৫: আজ রাজ্য সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের (ডোনার) উচ্চস্তরীয় এক আলোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা অংশগ্রহণ করেন।
এতে উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যে দুধ, মাছ, ডিম, এবং মাংস উৎপাদনে যাতে স্বয়ম্ভর হতে পারে সেই লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাছাড়া সংশ্লিষ্ট রাজ্যগুলিতে অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করার উপরও আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বৈঠকে রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে ডোনার মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন। রাজ্যে ডেয়ারি সেক্টরে দুধের উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জনে, ডিমের উৎপাদন বৃদ্ধিতে, মাংসের উৎপাদন বৃদ্ধিতে এবং মৎস্য চাষের ক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো মুখ্যমন্ত্রী বৈঠকে তুলে ধরেন।
তিনি আগামী ৫ বছরের মধ্যে রাজ্যেকে দুধ, মাছ, ডিম, এবং মাংস উৎপাদনে স্বয়ম্ভর করার লক্ষ্যে চলিত বিভিন্ন প্রকল্পগুলির জন্য উত্তর-পূর্বাঞ্চল পর্ষদকে আর্থিক সহায়তা দিতে সভায় দাবি জানান।
বৈঠকে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য ১২৪ কোটি টাকা ব্যয়ে ১০০০ হেক্টর এলাকায় নতুন করে জলাশয় সৃষ্টি করা, ৪২৫ কোটি টাকা ব্যয়ে ৫০০০ হেক্টর জলাশয়ের সংস্কার, বর্তমানে সৃষ্ট ৫০০০ হেক্টর জলাশয়কে সুসংহত মাছ চাষের আওতায় আনার জন্য প্রকল্প গ্রহণ, ১২০ কোটি টাকা ব্যয়ে বর্তমান ৩০০০ হেক্টর জলাশয়ে মিশ্র মৎস্য চাষের একটি প্রকল্প গ্রহণ, ৫ কোটি টাকা ব্যয়ে ব্রুড ব্যাঙ্ক স্থাপন এবং ১০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক পাইকারী ও খুচরো মাছের পোনার বাজার স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী এনইসি-র কাছে দাবি জানান।
সভায় মুখ্যমন্ত্রী ডিমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে স্বসহায়ক দল/উৎপাদক দলগুলির জন্য মিনি হ্যাচারি স্থাপন, সরকারের ৬টি পোল্ট্রি এবং হাঁস পালন ফার্মের উন্নতিকরণের জন্য মুখ্যমন্ত্রী এনইসি-র হস্তক্ষেপ দাবি করেন।
মাংসের উৎপাদন বৃদ্ধির করার জন্য মাংসের উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং প্যাকিজিং-এর একটি সেন্টার রাজ্যে স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি. নায়ার, পরিকল্পনা দপ্তরের সচিব এল টি দার্লং, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল প্রমুখ।








