ঊনকোটি জেলাভিত্তিক দ্বিতীয় সরস মেলা সমাপ্ত

অনলাইন ডেস্ক, ২৩ মার্চ, ২০২৫: : ঊনকোটি জেলাভিত্তিক দ্বিতীয় সরস মেলা-২০২৫ গতকাল শেষ হয়েছে। গত ২০ মার্চ কুমারঘাটের পূর্ত ময়দানে এই মেলা শুরু হয়। মোট ৬০টি স্টলে জেলার বিভিন্ন প্রান্তের স্বসহায়ক দলের সদস্যরা তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে মেলায় অংশ নেন। সরস মেলার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, স্বসহায়ক দলের সদস্যাদের উৎপাদিত পণ্যের উৎকর্ষতা যে বহুগুণ বৃদ্ধি পেয়েছে তা মেলায় পণ্য বিক্রি থেকেই বোঝা যায়।

তিনি বলেন, মেলার প্রথম দু’দিনে মোট ৫ লক্ষ ৮৫ হাজার টাকার উপর পণ্য সামগ্রী বিক্রি হয়েছে। তিনি বলেন, স্বসহায়ক দল করে মহিলারা নিজেদের পরিবারের যেমন উন্নতি করছেন তেমনি জেলা ও রাজ্যেরও উন্নয়ন ঘটাচ্ছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে স্বসহায়ক দলের সদস্যাদের ভূমিকা অপরিসীম। সমাজের অন্তিম পরিবারের সদস্যারাও স্বসহায়ক দলের সাথে যুক্ত হয়ে নিজেদের অর্থনৈতিক স্বয়ম্ভরতার কাজে যুক্ত রাখছেন।

স্বসহায়ক দল করে রাজ্যে এখন লক্ষাধিক লাখপতি দিদি হয়েছেন। তিনি বলেন, সরকারের সদিচ্ছা ও আন্তরিক প্রচেষ্টার ফলে স্বসহায়ক দলের সাথে যুক্ত পরিবারগুলো আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছে। এই ধারা আগামী দিনেও বজায় রাখতে হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস। প্রারম্ভিক বক্তব্য রাখেন জেলাশাসক ডি কে চাকমা।

উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, অতিরিক্ত জেলাশাসক অর্থ সাহা, কুমারঘাট মহকুমার মহকুমা শাসক এন এস চাকমা, কুমারঘাটের বিডিও ডা. সুদীপ ভৌমিক ও পেঁচারথলের বিডিও সাগর দেববর্মা। সমাপ্তি অনুষ্ঠানে অতিথিগণ তিনটি করে স্বসহায়ক দলকে শ্রেষ্ঠ পণ্য সামগ্রী উৎপাদন, শ্রেষ্ঠ বিক্রেতা ও শ্রেষ্ঠ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য পুরস্কৃত করেন।

Leave a Comment

‘হোয়াইট রেভলিউশন ২.০’ বাস্তবায়িত করতে মৌ স্বাক্ষর, কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মুখ্যমন্ত্রী