অনলাইন ডেস্ক, ৫ মার্চ, ২০২৫: খোয়াই জেলা দিশা কমিটির সভা আজ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংসদ কৃতী দেবী দেববর্মণ। সভায় খোয়াই জেলায় বিভিন্ন দপ্তর যেসব কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প রূপায়ণ করছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দিশা কমিটির সভায় সাংসদ কৃতী দেবী দেববর্মণ বলেন, এই জেলার উন্নয়নে যেসব প্রকল্প রূপায়ণ করা হচ্ছে তা সময়মতো সম্পন্ন করতে হবে৷ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যেন সুবিধাভোগীরা গ্রহণ করতে পারেন সেজন্য আরও বেশি সচেতনতা গড়ে তুলতে হবে৷ যেসব এলাকায় বর্তমানে পানীয়জলের সমস্যা রয়েছে সেগুলি দ্রুত নিরসন করতে হবে৷ সভায় পানীয়জল, কৃষি, স্বাস্থ্য, পূর্ত, প্রাণীসম্পদ বিকাশ, গ্রামোন্নয়ন, শিক্ষা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা প্রভৃতি দপ্তর দ্বারা বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পগুলি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্যে তুলে ধরা হয়।
বিধায়ক রঞ্জিত দেববর্মা, এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলই, খোয়াই জিলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, তেলিয়ামুড়া বিএসির চেয়ারম্যান ভানলাল রাঙ্খল, মুঙ্গিয়াকামী বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা, পদ্মবিল বিএসির চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ সভায় উপস্থিত ছিলেন৷








