অনলাইন ডেস্ক, ১৭ জুলাই, ২০২৬: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে করবুক মহকুমার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের লবকান্ত পাড়া বিওপি থেকে চাপলিং ছড়া বিওপি (বি.পি. নং ২২৪০/৪৪-এস টু ২২৬২/৩০-এস) পর্যন্ত ৩০০ মিটার এলাকায় লোকজনের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বি.এন.এস.এস.) ২০২৩-এর ১৬৩ নং ধারা অনুযায়ী গোমতী জেলার জেলাশাসক এই বিধিনিষেধ আরোপ করেছেন।
জেলাশাসক আদেশে জানিয়েছেন, সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষের জারি করা বৈধ অনুমতিপত্র ছাড়া চার বা ততোধিক ব্যক্তি এক জায়গায় জড়ো হতে পারবেন না। উল্লেখিত সময়ে করবুক মহকুমার মহকুমা শাসকের জারি করা লিখিত বৈধ অনুমতিপত্র ছাড়া সাধারণ মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কর্তব্যরত পুলিশ, সি.আর.পি.এফ., বি.এস.এফ.-এর সদস্যগণ ছাড়া লাঠি, আগ্নেয়াস্ত্র এবং অন্য যে কোনও ধরনের অস্ত্রশস্ত্র বহন করার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এই বিধিনিষেধ কর্মরত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আন্তর্জাতিক সীমান্তের ৩০০ মিটারের মধ্যে থাকা লোকজনও এই বিধিনিষেধের আওতায় আসবেন না। এই বিধিনিষেধ ১৬ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং তা ১৩ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বি.এন.এস.এস. ২০২৩-এর ২২৩ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।








