প্রগতি ত্রিপুরা, ০২ মে, ২০২৬: গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। গত কয়েকদিনে একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার তদন্তে নেমে উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার পুলিশ তিনটি পৃথক স্থান থেকে মোট ৬০টি সিলিন্ডার উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে,পূর্ব বাজার এলাকায় আজিম খানের বাড়ি থেকে ১৮টি,মধুবাড়ী রোডে টিটন পালের বাড়ি থেকে ২৭টি এবং রাগনা এলাকায় সালমা বেগমের বাড়ি থেকে আরও ১৫টি সিলিন্ডার উদ্ধার হয়।
উদ্ধার হওয়া সিলিন্ডারের মধ্যে ২৬টি ভর্তি এবং ৩৪টি খালি। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলি মালিকানা যাচাইয়ের জন্য মহকুমা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তে নেতৃত্ব দেন ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা। পুলিশ জানিয়েছে,চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত চলছে।








