প্রগতি ত্রিপুরা, ১৮ এপ্রিল, ২০২৬: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে পথ অবরোধে। সরকারের “অটল জলধারা” প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছালেও বাস্তবে জল সরবরাহ চরম অনিয়মিত—এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি এতটাই গুরুতর যে, গত সংক্রান্তি থেকে টানা প্রায় ১২ থেকে ১৪ দিন ধরে এলাকায় একফোঁটা জলও পাওয়া যাচ্ছে না বলে দাবি।
এই অবস্থায় অতিষ্ঠ হয়ে শনিবার দলমত নির্বিশেষে রাস্তায় নামেন স্থানীয় মানুষজন। প্রচণ্ড গরম উপেক্ষা করে মূল সড়ক অবরোধ করে জল সরবরাহের দাবিতে সরব হন বিশেষ করে এলাকার মহিলারা । অবরোধকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরে সমস্যার কথা জানানো হলেও কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা এই পথ অবরোধের পথে হেঁটেছেন।
প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অবরোধের জেরে তেলিয়ামুড়া-উত্তর মহারানী সড়কের দু’ধারে ব্যাপক যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।পরে স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। তবে এই ঘটনায় আরেকটি বিতর্কও সামনে এসেছে। অভিযোগ, অবরোধ চলাকালীন শাসকদলের এক স্থানীয় নেতা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের হুমকি দেন, যা নিয়ে এলাকায় ক্ষোভ আরও বাড়ে।








