প্রগতি ত্রিপুরা, ১৩ অক্টোবর, ২০২৫: রাজধানীর বিদ্যালয়ে ফের দুঃসাহসিক চুরি। যা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এবারের ঘটনাস্থল পূর্ব আগরতলা থানাধীন টাউন প্রতাপগড়ের রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
জানা গেছে, রবিবার রাতে চোরের দল বিদ্যালয়ের গেট ও অফিস রুমের একাধিক তালা ভেঙে শিক্ষকের রুমে প্রবেশ করে রুমে থাকা প্রায় ৯টি আলমারি ভেঙে নিয়ে যায় গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ নগদ টাকা।সোমবার সকালে আসেন স্কুলের শিক্ষক- শিক্ষকরা। তখনই তাঁরা লক্ষ্য করেন, স্কুলের অফিস ঘর খোলা। তালা ভাঙা অবস্থায় অফিস রুম।
সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আইভি লতা দেববর্মাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে মহারাজগঞ্জ বাজার ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
রাজধানীতে একের পর এক বিদ্যালয়ে চুরির ঘটনায় জনমনে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় শিক্ষা মহল ও অভিভাবক সমাজে চাঞ্চল্য ছড়িয়েছে।








