অনলাইন ডেস্ক, ০৬ সেপ্টেম্বর, ২০২৫: ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘রেড রিবন ক্যুইজ প্রতিযোগিতা ২০২৫-‘-এর রাজ্য স্তরের গ্র্যান্ড ফাইনাল আগরতলার হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ অ্যান্ড ডঃ বিআরএএম টিচিং হাসপাতালের বিবেকানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন এইচআইভি/এইডস প্রতিরোধে মূল ভূমিকা গ্রহণ করতে পারে ছাত্র-ছাত্রীরা।
ছাত্র-ছাত্রীরা সচেতনতার মাধ্যমে যেমন নিজেদের রক্ষা করতে পারবে, তেমনি তাদের পরিচিতদের মধ্যে এইচআইভি/এইডস এর সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে একে প্রতিরোধ করতে সক্ষম হবে। তিনি এক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার আন্তরিকতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এইচআইভি/এইডস প্রতিরোধ করার স্বার্থে নেশা মুক্ত অভিযান জরুরী। কারণ, শিরাপথে মাদকদ্রব্য গ্রহণের মাধ্যমে এইচআইভি/এইডস ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল।
এইচআইভি/এইডস কে প্রতিরোধ করার জন্য রাজ্যের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান তিনি জানিয়েছেন। বক্তব্য রাখেন ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ডঃ বি আর এ এম টিচিং হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর (ডাঃ) অরিন্দম দত্ত, স্বাস্থ্য অধিকারের যুগ্ম অধিকর্তা ডাঃ শৌভিক দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের যুগ্ম অধিকর্তা ডাঃ নির্মল সরকার ও ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর ডাঃ বিনীতা চাকমা।
ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির অ্যাসিস্টেন্ট প্রজেক্ট ডাইরেক্টর ডাঃ শঙ্খশুভ্র দেবনাথ। রেড রিবন ক্যুইজ কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়ন টিমকে ১৫ হাজার টাকার চেক, ফার্স্ট রানার আপ ১২ হাজার টাকার চেক, সেকেন্ড রানার আপ ১০ হাজার টাকার চেক, এবং সান্তনা পুরস্কার হিসেবে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এই ‘রেড রিবন ক্যুইজ প্রতিযোগিতা ২০২৫-‘ তে প্রতিটি জেলা থেকে ৫০ টি টিমকে বেছে নেওয়া হয়েছিল তাদের মধ্যে জেলার আটটি সেরা দলকে আজ রেড রিবন কুইজ কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
আজ গ্র্যান্ড ফিনালে তে চ্যাম্পিয়ন হয়েছে পিএম শ্রী ধর্মনগর হায়ার সেকেন্ডারি স্কুলের আদ্রিজা নাথ এবং অনুষ্কা রুদ্রপাল, ফার্স্ট রানারআপ হয়েছেন ফটিকরায় ক্লাস টুয়েলভ স্কুলের অঙ্কিতা দেবনাথ এবং সুপর্ণা মালাকার, সেকেন্ড রানারআপ হয়েছেন আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলের দেবাংশু দেব এবং অত্যুষ্ণা আচার্য। বিজয়ী দল আগামী ২২ সেপ্টেম্বর সিকিমে রিজিওন্যাল লেভেল রেড রিবন ক্যুইজ প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করবে।
জেলাভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত প্রতিটি পর্বে দর্শকদের জন্যও আকর্ষণীয় পুরস্কার ছিল। ৮ জেলায় অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্যুইজ কম্পিটিশনে এবং গ্র্যান্ড ফিনালে তে যে সমস্ত কুইজ মাস্টাররা ছিলেন তারা হচ্ছেন অভিজিৎ ভট্টাচার্য, নন্দু পানিক্কর, শুভাশিস কর, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির অ্যাসিস্টেন্ট প্রজেক্ট ডাইরেক্টর ডাঃ শঙ্খশুভ্র দেবনাথ, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির জয়েন্ট ডাইরেক্টর (আই ই সি) শুভ্রজিৎ ভট্টাচার্য ও ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির ডেপুটি ডাইরেক্টর (বিএসডি) তমাল দেব।








