তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৫। ! সরকারি অফিস-আদালতে যদি স্বচ্ছতা বজায় না থাকে, তবে সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব নয়।

আর সেই স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে আকস্মিক ভাবে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং লক্ষ্য করেন যে দীর্ঘদিন ধরে কার্যালয়ের সঠিক পরিচ্ছন্নতা রক্ষিত হচ্ছে না।

এমনকি, ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর আদর্শ, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর সামনে তুলে ধরেছেন, সেই বার্তাও এই কার্যালয়ে বাস্তবায়িত হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বিকাশ দেববর্মা কর্মচারীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন—”যেখানে স্বচ্ছতা নেই, সেখানে স্বাস্থ্য সুরক্ষিত নয়।” তিনি জানান, সাধারণ মানুষ থেকে শুরু করে অফিস কর্মচারীদের সুস্বাস্থ্যের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ অপরিহার্য।

এজন্য তিনি কর্মচারীদের অবিলম্বে অফিসের প্রতিটি কক্ষে সাফাই-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে নির্দেশ দেন।এখানেই শেষ নয়।

তিনি আরও জানান, আগামী দিনে তিনি নিজে উপস্থিত থেকে মহকুমা শাসকের কার্যালয়ের সকল কর্মচারীকে নিয়ে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর বিশেষ কর্মসূচি পালন করবেন।

তাঁর মতে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই অভিযানে সকলে অংশ নিলে তবেই প্রধানমন্ত্রীর বার্তা বাস্তব রূপ পাবে এবং সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে।

Leave a Comment