বিজেপি সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে জল ঢালতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিরোধীরা : মন্ত্রী বিকাশ দেববর্মা

অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট, ২০২৫। বিজেপি সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে জল ঢালতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিরোধীরা এমনটাই অভিযোগ তুললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

তাঁর দাবি, হাতেগোনা কয়েকজন সমর্থককে নিয়ে বিরোধীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। প্রতিদিনই মতবিনিময় সভা ও বুথভিত্তিক আলোচনায় জনগণের আস্থা স্পষ্টভাবে উঠে আসছে।

বুধবার ২৯-নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত চামপ্লাই এলাকার ক্ষিরোধ নায়ক স্কুলের হলঘরে আয়োজিত বুথ মিটিংয়ে উপস্থিত হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা স্পষ্ট ভাষায় বলেন—“ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একলব্য বিদ্যালয়ের মতো প্রকল্পে রাজ্য সরকার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইতিমধ্যেই কয়েকটি একলব্য বিদ্যালয় গড়ে উঠেছে, আরও কিছু নির্মাণাধীন।

আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে এখানকার ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষিত হয়ে গড়ে উঠবে নতুন প্রজন্ম।”মন্ত্রী আরও অভিযোগ করেন, এক শ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী উন্নয়ন বিরোধী অবস্থান নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,“জনগণের স্বার্থে নেওয়া সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নে কেউ বাধা দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”বিকাশ দেববর্মা এদিন মুখ্যমন্ত্রী ঘোষিত ‘রাবার মিশন প্রকল্প’-এর কথাও উল্লেখ করেন।

তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকার দরিদ্র পরিবারগুলিকে আর্থসামাজিক মানোন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সভা থেকে তিনি কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ২৯ কৃষ্ণপুর মন্ডলের সাধারণ সম্পাদক ওয়াথারাই মলসুমসহ মন্ডলের একাংশ নেতৃত্ব।

সামগ্রিকভাবে, বিকাশ দেববর্মার বক্তব্যে ছিল উন্নয়নের অঙ্গীকার, বিরোধী অপপ্রচারের কড়া সমালোচনা এবং মানুষের পাশে থাকার দৃঢ় বার্তা।

Leave a Comment