জন্মেজয়নগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রীবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রত্যেক অভিভাবকের দায়িত্ব ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করা: জনজাতি কল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৮ই জুন ২০২৫। সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে একটি শিক্ষা সচেতন সমাজ ও মানব সম্পদ তৈরি করা যায়।

একজন সুশিক্ষিত মানুষই একটি সুশিক্ষিত সমাজ গঠন করতে পারেন। তাই প্রত্যেক অভিভাবকের দায়িত্ব ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করা।

আজ বেলবাড়ি ব্লকে জন্মেজয়নগর দ্বাদশ শ্রণি বিদ্যালয়ের ৫০ আসন বিশিষ্ট জনজাতি বালিকা ছাত্রাবাস নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন।

তিনি বৃক্ষরোপন অনুষ্ঠানেও অংশ নেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সাথে সাথে জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ধরতি আবা জনভাগিদারি অভিযানের অঙ্গ হিসেবে সচেতনতামূলক ও প্রশাসনিক শিবিরেরও আয়োজন করা হয়।

এই শিবিরে ৩০০ জন জনজাতি অংশের মানুষের মধ্যে এসটি, পিআরটিসি, ম্যারেজ সার্টিফিকেট বিতরণ করা হয়। জনজাতি কল্যাণ মন্ত্রী দুজনের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেন।

তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে জনজাতি অংশের নাগরিকদের বিভিন্ন শংসাপত্র পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সুযোগ গ্রহণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এই বিদ্যালয়ে ছাত্রীবাসটি অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নতুন ছাত্রীবাস নির্মাণের উদ্যোগ রাজ্য সরকারের শিক্ষা পরিকাঠামো উন্নয়নেরই অঙ্গ।

তিনি বলেন, শুধু পরিকাঠামোর উন্নয়ন করলেই চলবে না। প্রতিটি জনজাতি ছাত্রছাত্রীকে এই সুযোগ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এমডিসি গণেশ দেববর্মা। তিনি বলেন, ছাত্রীবাসটি নির্মাণের জন্য জনজাতি কল্যাণ দপ্তর থেকে ৩ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

ছাত্রীবাস নির্মাণের কাজ সময়মত শেষ করার জন্য তিনি আহ্বান জানান। বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর।

স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমা কল্যাণ আধিকারিক অরজিৎ দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুমুলুঙ সাব জোনালের চেয়ারম্যান ত্রিপেশ দেববর্মা, জন্মেজয়নগর ভিলেজের ভাইস চেয়ারম্যান সুনীল দেববর্মা, সমাজসেবী নির্মল দেববর্মা প্রমুখ।

Leave a Comment