অনলাইন ডেস্ক, ২৯ মার্চ, ২০২৫। । ঊনকোটি জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে উনকোটি জেলার জেলাশাসক ডি কে চাকমা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে কিছু বিধিনিষেধ জারি করেছেন।
এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের ৩ কিমি এলাকায় সন্ধ্যা ৬টা থেকে পরেরদিন সকাল ৬টা পর্যন্ত কেউ চলাফেরা করতে পারবে না। এই নিষেধাজ্ঞা ১ এপ্রিল, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে।
এই সময়ে উক্ত এলাকায় পাঁচ জনের অধিক লোক জড়ো হতে পারবে না। তেমনি সেই এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক পদার্থ ইত্যাদি বহন করতে পারবে না। জেলাশাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য কর্মরত আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ ও অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদনপত্র ধারীদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ বলবৎ হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পরিবহণকারী ব্যক্তি বা তাদের জন্য নির্দিষ্ট ঔষধের দোকান থেকে ঔষধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক ডি কে চাকমা। এই নিষেধাজ্ঞা উল্লঙ্ঘনকারী ব্যক্তির বিরুদ্ধে বিএনএস ২০২৩-এর ২২৩ ধারায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।








