অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর, ২০২৬: স্পেনে রবিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। দীর্ঘ আট বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট সরকারের ভবিষ্যৎ নির্ধারণের পাশাপাশি এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে দক্ষিণপন্থী শক্তির উত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অতি দক্ষিণপন্থী কোনও দল জাতীয় সরকারে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার দুপুর ২টো পর্যন্ত ভোটদানের হার ছিল ৪৫.৭ শতাংশ। ২০২৩ সালের জাতীয় নির্বাচনে একই সময় পর্যন্ত ভোটদানের হার ছিল ৪০.৫ শতাংশ। অর্থাৎ গত নির্বাচনের তুলনায় এবার ভোটারদের উপস্থিতি বেড়েছে। বামপন্থী ভোটারদের বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী সানচেজ। তাঁর বক্তব্য, ভোটদানের হার ৭৫ শতাংশ বা তার বেশি হলে বামপন্থী শিবির সুবিধা পেতে পারে।
নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জনমত সমীক্ষায় মধ্য-ডানপন্থী পিপলস পার্টি (পিপি)-র এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। তবে ৩৫০ আসনবিশিষ্ট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দলটিকে অতি দক্ষিণপন্থী ভক্স (Vox) দলের সমর্থনের প্রয়োজন হতে পারে। অভিবাসন নীতিতে কঠোর অবস্থান, কর হ্রাস এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতির বিরোধিতার পাশাপাশি এলজিবিটিকিউ অধিকার সম্প্রসারণের বিরোধিতা করে ভক্স।
ইউরোপের একাধিক দেশে আগামী দিনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। স্পেনের এই নির্বাচনকে সেই ধারাবাহিকতায় দক্ষিণপন্থী দলগুলির রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সম্ভাবনা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
মাদ্রিদ ও বার্সেলোনার মতো শহরগুলিতে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বার্সেলোনায় ভোট দিতে এসে ৭৭ বছর বয়সি পেনা লোরেন বলেন, দেশের রাজনীতি কয়েক দশক পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া জরুরি। অন্যদিকে মাদ্রিদের ভোটার মনিকা চ্যাস্টেল পরিবর্তনের প্রত্যাশা প্রকাশ করে বলেন, ভোটারদের উপস্থিতি যথেষ্ট ভালো। তিনি আশা করছেন, প্রয়োজনীয় পরিবর্তন এবার বাস্তবায়িত হবে।
দীর্ঘদিন ধরেই সংসদে দুর্বল সংখ্যালঘু জোটের সমর্থনে সরকার চালাচ্ছিলেন পেদ্রো সানচেজ। আবাসন সংকট মোকাবিলায় তাঁর প্রস্তাবিত কয়েকটি সরকারি নির্দেশ সংসদে প্রত্যাখ্যাত হওয়ার পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আগাম নির্বাচনের ডাক দেন তিনি।
নির্বাচনী প্রচারে বাড়িভাড়া বৃদ্ধি, উচ্ছেদ এবং আবাসন সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। পিপি এবং ভক্স একদিকে, অন্যদিকে সোশ্যালিস্ট পার্টি ও অন্যান্য বামপন্থী দলগুলি পৃথক নীতি নিয়ে ভোটারদের কাছে পৌঁছেছে।
সানচেজ শুক্রবার দাবি করেন, তাঁর দলের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী ছোট বামপন্থী দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব। যদিও অধিকাংশ জনমত সমীক্ষায় পিপি ও ভক্সের সম্মিলিত অবস্থান নিয়ে আলোচনা হয়েছে।
সোশ্যালিস্ট পার্টি (পিএসওই)-র সঙ্গে পিপির ব্যবধান কিছুটা কমার ইঙ্গিতও কয়েকটি সাম্প্রতিক সমীক্ষায় পাওয়া গিয়েছে। তবে বামপন্থী শিবিরের একাংশের মধ্যে হতাশা তৈরি হওয়ায় সানচেজের পক্ষে প্রয়োজনীয় সমর্থন ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
সরকার গঠনে জোটের সমীকরণ
স্পেনের সংসদে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭৬টি আসন। নির্বাচনে যে দল সবচেয়ে বেশি আসন পাবে, তাদের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিপি ও ভক্সের মধ্যে জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তবে মন্ত্রিসভার পদ বণ্টন এবং সরকারের নীতি নির্ধারণ নিয়ে দুই দলের মধ্যে দরকষাকষি হতে পারে। বিকল্প হিসেবে ভক্স বাইরে থেকে পিপির সংখ্যালঘু সরকারকে সমর্থন জানাতে পারে।
সরকার গঠনের জন্য সংসদে আস্থা ভোটে জয়লাভ করতে হবে। প্রথম আস্থা ভোটের প্রক্রিয়া শুরু হওয়ার পর দুই মাসের মধ্যে কোনও প্রার্থী সংসদের সমর্থন না পেলে নিয়ম অনুযায়ী পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
পিপি-ভক্স জোটের সম্ভাবনাকে দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পশ্চাদমুখী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সানচেজ। উল্লেখ্য, স্পেনের চারটি অঞ্চলে ইতিমধ্যেই পিপি ও ভক্স জোটবদ্ধভাবে সরকার পরিচালনা করছে।
প্রধানমন্ত্রী হিসেবে নিজের কাজের খতিয়ান তুলে ধরে সানচেজ জানিয়েছেন, তাঁর আমলে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে স্পেনের অগ্রগতি হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং শ্রম আইনে সংস্কারের ফলে দীর্ঘ প্রায় দুই দশকের মধ্যে বেকারত্বের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি তাঁর।
তবে সাধারণ মানুষের একাংশের বক্তব্য, অর্থনৈতিক উন্নয়নের সুফল তাঁদের দৈনন্দিন জীবনে সেভাবে পৌঁছাচ্ছে না। বাড়িভাড়া, বিদ্যুৎ ও জ্বালানির খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি তাঁদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।
অভিবাসন নীতি ও দুর্নীতির অভিযোগে চাপে সরকার
স্পেনের অর্থনৈতিক অগ্রগতিতে অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী সানচেজ। ইউরোপের একাধিক দেশ যখন অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিচ্ছে, তখন তিনি অভিবাসনকে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সহায়ক হিসেবে তুলে ধরেছেন।
অন্যদিকে পিপি জানিয়েছে, ক্ষমতায় এলে ব্যাপক হারে অভিবাসীদের সাধারণ ক্ষমা দেওয়ার নীতি বন্ধ করা হবে। অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা এবং বৈধ অভিবাসীদের জন্য পয়েন্টভিত্তিক নীতি চালু করার পরিকল্পনাও রয়েছে তাদের। ভক্স আরও কঠোর অবস্থান নিয়ে অপরাধে দোষী সাব্যস্ত বিদেশি নাগরিকদের বহিষ্কার এবং আবাসন বরাদ্দে স্পেনীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার পক্ষে সওয়াল করেছে।
সানচেজের বিরুদ্ধে তাঁর ঘনিষ্ঠ মহল ও পরিবারের সদস্যদের জড়িয়ে একাধিক দুর্নীতির অভিযোগও রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। পাশাপাশি দুটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা, উত্তর আফ্রিকার স্পেনীয় ভূখণ্ড সেউটায় অভিবাসীদের প্রবেশ বৃদ্ধি এবং দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা হয়েছে।
অন্যদিকে পিপির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো নিজেকে প্রশাসনিক দক্ষতাসম্পন্ন নেতা হিসেবে তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন।
২০২৩ সালে কাতালোনিয়াকে স্পেন থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় যুক্ত নেতাদের সাধারণ ক্ষমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সানচেজ সমালোচনার মুখে পড়েছিলেন। সংসদে পুনরায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন আদায়ের উদ্দেশ্যেই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে বিরোধীদের অভিযোগ। উল্লেখ্য, ২০২৩ সালের নির্বাচনে পিপি সর্বাধিক ভোট পেলেও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
রবিবার স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। এরপর নির্বাচনের শেষ সপ্তাহে পরিচালিত একটি সমীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর থেকে প্রাথমিক সরকারি ফলাফল আসতে শুরু করার কথা। এই নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে স্পেনের আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনা।







