অনলাইন ডেস্ক, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬: : ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের দক্ষিণ ত্রিপুরা জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে আজ থেকে বিলোনীয়ার বিদ্যাপীঠ মাঠে শুরু হয়েছে চারদিনব্যাপী তৃতীয় জেলাভিত্তিক সরস মেলা। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সরস মেলার উদ্বোধন করে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, এক সময় আমাদের দেশের অর্থনীতি দুর্বল ছিল।
বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক প্রচেষ্টায় ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ভোকাল ফর লোকাল তত্ত্বের উপর গুরুত্ব আরোপ করে ভারতের অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করা হয়েছে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে নারীদের স্বশক্তিকরণ দরকার। আর এই লক্ষ্যেই এই মেলার আয়োজন। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতির অগ্রগতি ঘটবে। রাজ্য ও দেশের অর্থনীতি মজবুত হবে।
রাজ্যে লাখপতি দিদির সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র, বি.সি.নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস প্রমুখ।
সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক মহম্মদ হাবিজ উদ্দিন। মেলায় জেলার বিভিন্ন স্বাবলম্বন গোষ্ঠী দ্বারা মোট ২৭টি স্টল খোলা হয়েছে। তাছাড়া সরকারি স্টল রয়েছে ৩টি। প্রতিদিন মেলায় রয়েছে রাজ্যের এবং বহির্রাজ্যের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।








