অনলাইন ডেস্ক, ৫ সেপ্টেম্বর, ২০২৫। মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেও বাস্তবে কোনো প্রভাব পড়ছে না।
পিসিরাজ্যের নানা জায়গায় পূজা কমিটিগুলি নির্বিকারভাবে চাঁদার নামে ট্রাকচালকদের জুলুম চালাচ্ছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে চুরাইবাড়িতে।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে চুরাইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্স সংলগ্ন জাতীয় সড়কে আগরতলামুখী এক পেপসি বোঝাই ট্রাক (নম্বর NL01AC/3027) আটকে দেয় স্থানীয় একটি দুর্গাপূজা কমিটি।
ট্রাকচালক পরিন্দ্র নাথ (বাসিন্দা– পদ্মবিল, পানিসাগর) চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয়।
চালকের দাবি, তিনি বিশ্বকর্মা পুজোর পর চাঁদা দেবেন বললেও,বাকবিতণ্ডার জেরে শারীরিক হামলার শিকার হন।
অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিযোগ, রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় বিভিন্ন ক্লাবের সদস্যরা চালকদের কাছ থেকে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দাবি করছে।
টাকা না দিলে ট্রাক আটকে রাখা থেকে শুরু করে শারীরিক নির্যাতন পর্যন্ত হচ্ছে।
বিশেষ করে কুমারঘাট মহকুমার কয়েকটি ক্লাবের জুলুমে চালক সমাজ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার বলে অভিযোগ ওঠে।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে—মুখ্যমন্ত্রী অবিলম্বে এই চাঁদাবাজির দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নিন।
অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। এদিকে অভিযোগের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।








