অনলাইন ডেস্ক, ২১ মার্চ, ২০২৫: আগরতলা মঠ চৌমুহনীস্থিত একটি হোটেল থেকে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ৩ নেশা কারবারিকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ! গোপন খবরের ভিত্তিতে হোটেল অভিযান চালিয়ে পুলিশ নেশার ট্যাবলেট-সহ তিনজনকে গ্রেফতার করে।
ধৃতদের মধ্যে কিং পিং আসামের শিলচরের বাসিন্দা, তার নাম সাহিদুল হোসেন তালুকা। আর দুজনের বাড়ি ধলাই জেলার কচুছেড়া ও সালেমার বাসিন্দা, তাদের নাম নয়নমনি নমঃশুদ্র ও বিশ্বজিৎ বিশ্বাস। তিন জনকে আটক করেছে পুলিশ।
তাদের কাছ থেকে ট্রলিব্যাগ সহ প্রায় ১ লক্ষ ১০ হাজারটি নেশার ট্যাবলেট থাকা ১১টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। বর্তমান বাজারে এর মূল্য ৫ কোটি টাকারও বেশি। এই বিষয়ে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে বলেন, আমরা তিন জনকে গ্রেফতার করেছি।
তাদের মধ্যে আসামের শিলচরের সাহিদুল হোসেন মূল কারবারি। সে দীর্ঘ দিন ধরে এই নেশা কারবার চালিয়ে যাচ্ছিল। পুলিশও তার উপর বিশেষ নজরদারি রাখছিলো। আজ তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে পুলিশ।
অভিযুক্তরা এই ট্যাবলেট কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে ও তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা লাগানো হয়েছে। শনিবার তাদেরকে পুলিশ রিমাণ্ডে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সুপার। এই ঘটনা আগরতলা পূর্ব থানা পুলিশের জন্য একটি বড় সাফল্য।








