অনলাইন ডেস্ক, ১৭ মার্চ, ২০২৫: হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে এবং ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় গতকাল থেকে নলছড় দশমীঘাট মাঠে শুরু হয়েছে ৫ দিনব্যাপী সিপাহীজলা জেলাভিত্তিক টানা বানা হস্ততাঁত ও বস্ত্রমেলা। এই মেলা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত৷
জেলাভিত্তিক এই বস্ত্রমেলার উদ্বোধন করে হস্ততাঁত, হস্তকারুও রেশম শিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, গ্রামীণ এলাকার তাঁত শিল্পীদের তৈরী বিভিন্ন বস্ত্র মেলার মাধ্যমে বাজারজাত করাই হল এই আয়োজনের উদ্দেশ্য।
তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে এ রাজ্যের হস্তকারু ও তাঁতশিল্পকে এগিয়ে নিয়ে যাবার প্রয়াস নেওয়া হয়েছে। লুপ্তপ্রায় হস্ততাঁত ও হস্তকারু শিল্পকে উজ্জীবিত করে এই পেশার সাথে যুক্ত মা-বোনদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হস্ততাঁত, হস্তকার ও রেশম শিল্প দপ্তর বিভিন্ন প্রকল্প গ্রহণ করে কাজ করছে।
প্রধান অতিথির ভাষণে সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, হস্ততাঁত ও হস্তকার শিল্প হল এই রাজ্যের গর্ব ও ঐতিহ্য। এর মাধ্যমে গ্রামীণ এলাকার মা-বোনদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে এছাড়া আলোচনা করেন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস, কেন্দ্রীয় সরকারের ডেভেলপমেন্ট কমিশনার অব হ্যান্ডিক্র্যাফটের সহ অধিকর্তা পম্পা সরকার। স্বাগত বক্তব্য রাখেন হস্ততাঁত, হস্তকার ও রেশমশিল্প দপ্তরের ডিস্ট্রিক্ট অফিসার রতনমনি সরকার৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী উত্তম দাস, লোকুজিৎ দেবনাথ, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের আগরতলাস্থিত ওয়েভার্স সার্ভিস সেন্টারের ডেপুটি ডিরেক্টর অর্নব চৌধুরী, নলছড় ব্লকের বিডিও সুরনজিৎ সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক কিশোর বর্মণ৷ জেলাভিত্তিক এই হস্ততাঁত ও বস্ত্র মেলায় হস্ততাঁত, হস্তকারু ও রেশমশিল্পের উৎপাদিত বিভিন্ন সামগ্রী প্রদর্শনের জন্য ২৭টি স্টল খোলা হয়েছে।








